বোমা বিস্ফোরণ, আহত ২ , আটক সিপিএম কর্মী
দি নিউজ লায়নঃ ঘরের মধ্যে বোমা বাঁধার সময় বোমা বিস্ফোরণে আহত হল দুই সিপিএম কর্মী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীররাতে উলুবেড়িয়া থানার মৌবেশিয়া পশ্চিম পাড়ায়। আহত দুই সিপিএম কমী আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় উলুবেড়িয়া থানার পুলিশ হাসিবুল খান নামে এক সিপিএম কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।সিপিএমের দাবি তৃণমূল তাদের কর্মী কে ফাঁসিয়েছে।
স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে বিকট আওয়াজে কেঁপে ওঠে মৌবেশিয়া পশ্চিমপাড়া। অভিযোগ স্থানীয় বাসিন্দা ম ইনুউদ্দিনের বাড়িতে বোমা বাধার সময় আচমকাই বিস্ফোরণ হয় আর তাতেই ঘরের ভিতরে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হয়। পড়ে আহত দুই ব্যক্তিকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বোমা বিস্ফোরণের খবর পাওয়ার পর বুধবার সকালে গ্রামে পৌঁছায় উলুবেড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী। পরে তল্লাশি চালিয়ে পুলিশ হাসিবুল খান নামে এক সিপিএম কর্মীকে আটক করে।
নিজের এলাকায় বোমা বিস্ফোরণ সম্পর্কে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল প্রার্থী পুলক রায় জানান সিপিএম এবং বিজেপি যৌথভাবে বোমা বানাচ্ছিল। সেই সময় এই বিস্ফোরণ হয়। তিনি অভিযোগ করেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র বিভিন্ন জায়গায় এইসব বোমা দিয়ে অশান্তি পাকানোর লক্ষ্যে এই বোমা তৈরি করা হচ্ছিল। পুলক রায়ের দাবি বোমা বিস্ফোরণে আহত ব্যক্তিরা এবং যার বাড়িতে বোমা তৈরি হচ্ছিল তারা সকলেই সিপিএমের কমী।
অন্যদিকে তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। সিপিএম নেতা সাবির উদ্দিন মোল্লা অভিযোগ করেন যারা বোমা বিস্ফোরণে আহত হয়েছে বা যাদের বাড়িতে বোমা তৈরি হচ্ছিল তাদের সাথে দলের কোনো সম্পর্ক নেই। তিনি অভিযোগ করেন এলাকায় তৃণমূলের অস্তিত্ব না থাকায় তারা দলের কর্মী হাসিবুল খান কে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে।

Post a Comment